এআইভিত্তিক বিনিয়োগ তথ্যসেবা দেবে লংকাবাংলা সিকিউরিটিজ
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্কোপোলোর সঙ্গে চুক্তি
গতকাল রোববার রাজধানীতে লংকাবাংলা সিকিউরিটিজ ও মার্কোপোলোর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মাহবুবুল এনামসহ অন্যরা। ছবি: ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:২০
দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক তথ্য ও স্বয়ংক্রিয় বিনিয়োগ পরামর্শ সেবা দিতে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কোপোলো এআই ইনকরপোরেশন। গতকাল রোববার রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় লংকাবাংলা সিকিউরিটিজের গত ২০ বছরের মূলধন বাজার সম্পর্কিত তথ্যভান্ডার মার্কোপোলোর সর্বাধুনিক এআই ইঞ্জিনের সঙ্গে সমন্বয় করা হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা দিনরাত ২৪ ঘণ্টা ভয়েস চ্যাট ও চ্যাটবটের মাধ্যমে বাংলা ও ইংরেজি ভাষায় শেয়ারবাজার-সংক্রান্ত তথ্য ও বিশ্লেষণমূলক সেবা পাবেন। এই এআই প্রযুক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলিক ও কারিগরি বিশ্লেষণ, পোর্টফোলিও মূল্যায়ন, ঝুঁকি ও সম্ভাবনার তুলনামূলক চিত্র সরবরাহ করবে। এটি তাদের নির্ভুল ও সময়োপযোগী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সাধারণ তথ্যসেবা গ্রাহকরা বিনামূল্যে পাবেন। তবে বিশেষায়িত সেবা নিতে ফি দিতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাফিজ আল তারিক। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিপ্রিয় নতুন প্রজন্ম সব আর্থিক সেবা নিজেদের মোবাইল ফোনে দ্রুততার সঙ্গে পেতে চায়। বিএসইসি বর্তমানে ‘রোবো অ্যাডভাইজরি’ ও বিনিয়োগ পরামর্শক-সংক্রান্ত নতুন নীতিমালা পর্যালোচনা করছে, যা ডিজিটাল মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করতে বড় ভূমিকা রাখবে। লংকাবাংলা ও মার্কোপোলোর এই যৌথ উদ্যোগকে তিনি শেয়ারবাজারে প্রযুক্তিগত নতুন যুগের সূচনা বলে অভিহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, শেয়ারবাজারে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মাহবুবুল এনাম, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফফাত রেজা ও মার্কোপোলো এআইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসফিয়া তাসবিন।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান আহমেদ আকিল মুনিরসহ শেয়ারবাজারের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর করেন লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী এবং মার্কোপোলোর সিইও তাসফিয়া তাসবিন।
- বিষয় :
- শেয়ারবাজার