কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের আনতালিয়ার সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ১৪:২৭
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান তিনি।
কপ-৩১-এ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপ প্রেসসচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এরপর তিনি ওয়ার্ল্ড লিডার সামিটে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন। সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম।
হাসান শিপলু আরও জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিচ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। রাতে বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
- বিষয় :
- তারেক রহমান
- প্রধানমন্ত্রী