ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ প্রদান, ১২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনের স্থাপত্য উৎসব

‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ প্রদান, ১২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনের স্থাপত্য উৎসব
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৪:০২

নদীবিধৌত প্রবহমান বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রাকে ধারণ করে গঠিত হয়েছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বঙ্গীয় বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।

বাংলাদেশের স্থাপত্যশিল্পে এই উৎকর্ষকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। গত মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়। স্থপতি ড. নবনীতা ইসলাম এ অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারকমণ্ডলী (জুরি বোর্ড) হিসেবে দায়িত্ব পালন করেছেন—স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের (Ar. Niklaus Graber)।

ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে দুটি প্রকল্প বিজয়ী হয়েছে। এর মধ্যে জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ এবং পারসিভের (Perceive) ‘রূপগাঁও’ পুরস্কার পেয়েছে। এ ছাড়া রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচারের ‘ইন্টারিম হাউস’ প্রকল্পটি পেয়েছে প্রশংসাসূচক স্বীকৃতি।

অন্যদিকে, ‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে বিজয়ী হয়েছে ইন্ডিজিনিয়াসের ‘মীর মঞ্জিল’ এবং ফর্ম.থ্রি আর্কিটেক্টসের (FORM.3 Architects) ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ প্রকল্প। এ প্রকল্পের স্থপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন মো. দিদারুল ইসলাম ভূঁইয়াও। এ বিভাগে প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে এটেলিয়ার রবিন আর্কিটেক্টসের (Atelier Robin Architects) ‘এআরএ’স অফিস, হাজারীবাগ’, স্থা-কালপা আর্কিটেক্টসের (Stha-Kalpa Architects) ‘স্থা-কালপা অফিস’, ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের (DWm4 Architects) ‘আল ফালাহ জামে মসজিদ’ এবং তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের (TARIQUE HASAN AND ASSOCIATES LTD.) ‘রাজউক কাঁচা বাজার’ প্রকল্প।

স্থাপত্যের পাশাপাশি ডেল্টা অ্যাওয়ার্ড স্থপতিদের স্বীকৃতি দিতেও অঙ্গীকারবদ্ধ। এই পর্বে ‘ডেল্টা আর্কিটেকচার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি, বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।

স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে বিশিষ্ট স্থপতি ও গবেষকদের তিন সদস্যের একটি পৃথক জুরি বোর্ড বিচারকাজ পরিচালনা করেন। জুরি বোর্ডে অন্তর্ভুক্ত ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সেরাজুল হাকিম এবং স্থপতি আইদা হাসান।

এই বিভাগে স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদের রচিত ও গবেষণাকৃত ‘Shamsul Wares: An Architecture of Elemental Modernism’ গ্রন্থটি বিজয়ী হয়েছে। এ ছাড়া স্থপতি ড. মাহবুবুর রহমানের রচিত ‘OLD BUT NEW : NEW BUT OLD’ এবং স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেসের রচিত ‘Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area’ গ্রন্থ দুটি প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে।

এ আয়োজনের ধারাবাহিকতায় আজ ১২ থেকে আগামী ১৪ নভেম্বর আইসিসিবিতে ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) উৎসবের উদ্বোধন করা হয়। এতে স্থপতি, ডেভেলপার, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ নভেম্বর) এই উৎসবে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত প্রকল্পের উপস্থাপনা।

মাস্টারক্লাস পর্বে দেশের বিশিষ্ট ও অভিজ্ঞ স্থপতিরা সমসাময়িক স্থাপত্যচর্চা, নকশার নতুন দৃষ্টিভঙ্গি, টেকসই স্থাপত্যের ধারণা, সৃজনশীল চিন্তাভাবনা এবং বাস্তব পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন। এতে স্কেচিং ও সৃজনশীল ভাবনার ওপর মাস্টারক্লাস পরিচালনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি ড. সাজিদ বিন দোজা। স্থাপত্য ফটোগ্রাফিতে ফোকাল লেন্থ ও লেন্সের প্রভাববিষয়ক মাস্টারক্লাস নেবেন স্থপতি ও আলোকচিত্রী আসিফ সালমান। অন্যদিকে, শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন কিউরেটর ও শিল্পী ওয়াকিলুর রহমান।

‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, টেকসই নকশার দর্শন, উদ্ভাবনী সৃজনশীল ভাবনা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশিষ্ট স্থপতিরা। এতে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের (DWm4 Architects) পক্ষে অংশ নেবেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী এবং স্থপতি শাওকি শামীম। ফ্রেমওয়ার্কের (FrameWork) প্রতিনিধিত্ব করবেন স্থপতি ফয়সাল কবির (হিমুন) ও স্থপতি অনুপ কুমার বসাক। এ ছাড়া এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের (Ehsan Khan Architects Ltd) পক্ষ থেকে অংশ নেবেন দেশের প্রখ্যাত স্থপতি এহসান খান এবং নকশাবিদ আর্কিটেক্টসের (Nakshabid Architects) পক্ষ থেকে থাকবেন প্রখ্যাত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।

পাশাপাশি স্থান পাবে বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনী এবং আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনী।

আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×