স্ত্রীসহ সাবেক কাস্টমস কমিশনারের বিরুদ্ধে মামলা করবে দুদক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১২:২৩
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী মাহবুবা ইসলামের বিরুদ্ধে আলাদাভাবে দুটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক মামলার অনুমোদন দিয়েছে। সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক মো. নূর-ই-আলম বাদী হয়ে শিগগির মামলা দুটি করবেন।
এই দম্পতির তিন কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে তারা ওই পরিমাণ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।
দুদক সূত্র জানায়, তারা দুদকে পেশ করা বিবরণীতে ৯৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। উভয়ের সম্পদ বিবরণী যাচাই করে ওই পরিমাণ টাকা গোপনসহ তাদের ভোগদখলে তিন কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
