ইসির অভ্যন্তরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার-ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৩:১৩
নির্বাচন কমিশনের (ইসি) অভ্যন্তরেই কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিয়োগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
রোববার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
নিজের সঙ্গে কোনো দলের সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ‘যে কেউ যেকোনও কিছু বলতে পারেন। যেকোনও তকমা আমার পেছনে লাগানো যেতে পারে। কিন্তু আমার অতীত ইতিহাস যারা জানেন তারা কখনই বলবেন না- আমি কোনো নির্দিষ্ট দলের। আর আমি যে মুহূর্ত থেকে এ চেয়ারে বসেছি সেসময় থেকে আমি কোনো দলের নই।’
নির্বাচন কমিশনের অভ্যন্তরে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার কথা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কমিশন সভায় আমার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অগ্রাহ্য হয়। কমিশন সভায় আমার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়ে পড়েছে। আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই। আমাদের কর্মকাণ্ডে তা দৃশ্যমান হওয়া দরকার।’
তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন, তা হচ্ছে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে তিনটি কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে এর কোনোটিতেই নির্বাচনের আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে আলোচনা হয়নি। এছাড়া কোনো কমিশন সভায় এসব বিষয় এজেন্ডাভুক্ত হয়নি। আগামী ২৮ জানুয়ারি যে নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতেও ঢাকা সিটি করপোরেশন সম্পর্কে কোনো বিষয় এজেন্ডাভুক্ত নয়।’
ইউও নোটের মাধ্যমে দুই সিটির প্রার্থীদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে তথ্যাদি জানাতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এসব অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ২০ জানুয়ারির মধ্যে আমার কাছে পেশ করার জন্য নির্দেশ দিয়েছিলাম। কিন্তু আমার সেই নির্দেশ উপেক্ষিত হয়েছে। কোনো তথ্যই আমাকে সরবরাহ করা হয়নি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা নিয়ে কমিশনে কোনো ধরনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না। এসব অভিযোগের পেছনে যে অসন্তোষ আছে, তা বিস্ফোরিত হলে সিটি করপোরেশন নির্বাচন যথাপযুক্তভাবে অনুষ্ঠিত হবে না, যা কোনোভাবেই কাম্য নয়। এর দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে।’
- বিষয় :
- নির্বাচন কমিশন
- মাহবুব তালুকদার
