এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হলো এসটিএস
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৮:২২
চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান উন্নয়নে বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেডের সঙ্গে যুক্ত হলো এভারকেয়ার ও সিডিসি গ্রুপ। রোববার চুক্তির ব্যাপারটি উভয়পক্ষ নিশ্চিত করেছে।
চুক্তিপত্র অনুযায়ী, এভারকেয়ারের সহযোগিতায় এসটিএস রোগীদের তাৎক্ষনিক সেবা দেবে। আশা করা হচ্ছে অধিগ্রহণ চুক্তিটির লেনদেনের অংশটিও বছরের শুরুতে সম্পন্ন হবে।
বাংলাদেশের রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এসটিএস হোল্ডিং। ঢাকায় এর ৩৭টি বিশেষায়িত বিভাগের ৪২৫ শয্যাবিশিষ্ট একটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল আছে। চট্টগ্রামে একটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে।
এভারকেয়ারের সিওও অ্যান্ডু কারী বলেন, 'এভারকেয়ার গ্রাহকদের ব্যয় কমিয়ে সেবার মান বাড়িয়ে রোগীর অবস্থা উন্নয়নের লক্ষ্যে সর্বদা প্রস্তুত। বাংলাদেশের শক্তিশালী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এসটিএস যুক্ত হওয়ায় এভারকেয়ার পূর্ণতা পেয়েছে।'
এসটিএসের চেয়ারম্যান বব কুন্দানমাল বলেন, 'রোগীদের স্বাস্থ্যগত উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করি। বাংলাদেশে আমাদের কাজের পরিধি বাড়াতে এভারকেয়ার ও সিডিসিকে নির্বাচন করা সঠিক হয়েছে। তারা আমাদের চিকিৎসা সেবার মডেল উন্নয়ন, বিশেষায়িত আধুনিক চিকিৎসাসেবা পরিচালনা ও বাংলাদেশের অপর্যাপ্ত সেবাপ্রাপ্ত জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানে সকল প্রকার সহযোগিতা করবে।'
হেলথকেয়ার ইনভেস্টিং ফর দ্যা রাইজ ফান্ডের ম্যানেজিং পার্টনার ম্যাথিউ হোবার্ট বলেন, 'বাংলাদেশসহ উদীয়মান বাজারগুলিতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রয়োজন রয়েছে। দেশের টেকসই স্বাস্থ্যসেবা উন্নয়নে এসটিএসের ব্যাপক সম্ভাবনা রয়েছে।' সংবাদ বিজ্ঞপ্তি
