ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৮:৪৪

শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার লিঙ্গপরিচয় প্রকাশে নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিটটি দায়ের করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে। রিটে স্বাস্থ্য সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১ ডিসেম্বর প্রসূতি নারী ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভের শিশুর লিঙ্গপরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও লিঙ্গপরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিটে উল্লিখিত বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তারা যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় রোববার রিটটি দায়ের করা হয়। 

রিটকারী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, দেশে এখনও বেশিরভাগ মানুষের ছেলে সন্তানই কাম্য। কারণ তারা মনে করেন, ছেলেরা বংশের ধারক, তারা আয় করে, বেশি শক্তিশালী। এমনকি অনেক নারীও মনে করেন, ছেলে সন্তান ভবিষ্যতে তাদের সুরক্ষা দেবে। এ অবস্থায় যদি পরীক্ষার মাধ্যমে গর্ভে থাকা সন্তানের লিঙ্গপরিচয় জানা যায় এবং তা মা-বাবার কাঙ্ক্ষিত না হলে প্রসূতি মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রভাব পড়ে। 

তিনি আরও বলেন, মা যদি হতাশায় ভোগেন, তাহলে বাচ্চার মস্তিস্কের বিকাশ ঠিকভাবে হয় না। চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গর্ভে থাকা সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।


আরও পড়ুন

×