সীমান্তে হত্যা বন্ধের দাবি: দ্বিতীয় দিনে ঢাবি শিক্ষার্থীর অবস্থান
নাসির আবদুল্লাহ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ১০:৪৯
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের অবসানে পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ। এ দাবিতে শনিবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন তিনি। রোববার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ ঘোষণা দেন।
নাসির বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে নির্বিকার, যা খুবই দুঃখজনক। বাংলাদেশি কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে দ্বিপক্ষীয় আলোচনা বৈঠকের মাধ্যমে সমাধান হবে। কিন্তু হত্যা করবে কেন?
অবস্থান কতদিন চলবে- জানতে চাইলে তিনি বলেন, অবস্থান কর্মসূচিতে এক-দু'দিনের দিনের জন্য তিনি বসেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।
তার এ কর্মসূচি সীমান্ত হত্যা বন্ধে কতটুকু কার্যকর হতে পারে- জানতে চাইলে নাসির বলেন, বর্তমান তরুণ সমাজ সব বিষয়ে সচেতন। তরুণ সমাজ চাইলেই সরকারের টনক নড়তে বাধ্য। সে জায়গা থেকে তিনি আশা করেন, এ অবস্থানের ফলে সীমান্ত হত্যা কিছুটা হলেও বন্ধ হবে এবং সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।
শনিবার বিকেলে 'বাংলাদেশের নাগরিকবৃন্দ' ব্যানারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সীমান্তে হত্যার শিকার লোকদের আত্মার শান্তি কামনা করে গায়েবানা জানাজায় অংশ নেয়। এরপরই সাড়ে ৪টা থেকে প্রতিবাদী এ কর্মসূচিতে বসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
গত ২২ জানুয়ারি নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচজন এবং তিন দিনের ব্যবধানে মোট সাতজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।
