ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পানি থেকে সেতুর উচ্চতা ৬০ ফুট

পানি থেকে সেতুর উচ্চতা ৬০ ফুট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২ | ০৩:২৪ | আপডেট: ২১ জুন ২০২২ | ০৭:২৪

প্রমত্তা পদ্মায় ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ বাংলাদেশের সাফল্য। এই সেতু ঢাকাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে যুক্ত করবে। ২৫ জুন এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার বা ৬০ ফুট উঁচু। পানির উচ্চতা যতই বাড়ুক না কেন, এর নিচ দিয়ে নৌযান সহজেই চলাচল করতে পারবে।

পদ্মা সেতুর নদী অংশে থাকা ৪০টি পিলারের নিচের পাইল ইস্পাতের, আর ডাঙার দুটি পিলারের পাইল কংক্রিটের। নদীতে যেসব পাইল বসানো হয়েছে, সেগুলো তিন মিটার ব্যাসার্ধের ইস্পাতের বড় বড় পাইপ, যার ভেতরটা ফাঁপা। ২২টি পিলারের নিচে ইস্পাতের এমন ৬টি করে পাইল বসানো হয়েছে, বাকি ২২টিতে বসানো হয়েছে ৭টি করে। আর ডাঙার দুটি পিলারের নিচের পাইল আছে ৩২টি, যা গর্তের মধ্যে রড-কংক্রিটের ঢালাইয়ের মাধ্যমে হয়েছে।

পদ্মা সেতুটির মূল কাঠামোর উচ্চতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সমান। এর মূল কারণ, সেতুর ভেতর দিয়ে রেললাইন আছে। সড়ক ও রেললাইন একসঙ্গে থাকলে সেতু সাধারণত সমান হয়, না হলে ট্রেন চলাচল কঠিন হয়ে পড়ে।

প্রকৌশলীরা জানিয়েছেন, পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন হয়। কখনো মাওয়া প্রান্তে, কখনো জাজিরা প্রান্তে সরে যায়। আবার মাঝখান দিয়েও স্রোত প্রবাহিত হয়। এ জন্য নৌযান চলাচলের পথ সব স্থানেই সমান উচ্চতায় রাখার চেষ্টা করা হয়েছে।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। 

আরও পড়ুন

×