দুঃখগাথা ছাপিয়ে মানবতার জয়গান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২২ | ১০:০৭ | আপডেট: ২১ জুন ২০২২ | ১০:১১
বন্যাপীড়িত মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার বেদনাভারাতুর চিত্রের সমান্তরালে জেগে উঠেছে এক মানবিক বাংলাদেশ। দুর্গত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্যের সবটুকু নিয়ে মাঠে নেমেছেন বহু মানুষ। কোথাও ব্যক্তি উদ্যোগ, কোথাও সামষ্টিক। সাধারণ মানুষের এই বিপুল ভালোবাসা কিছুটা হলেও দুর্যোগকবলিত এলাকার মানুষের সহায় হয়ে দাঁড়াচ্ছে। জীবনযুদ্ধের ক্রান্তিকালে এই মমতার পরশটুকুই হয়তো তাঁদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।
বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর নতুন নতুন গল্প তৈরি হচ্ছে প্রতিদিন। খুলনা থেকে ৪৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জে ত্রাণ নিয়ে গেছেন তরুণরা। ফেসবুকে প্রিয়মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আহ্বানে সাড়া দিয়ে দুই দিনে প্রায় কোটি টাকার তহবিল গড়ে উঠেছে। বরাবরের মতোই অনবদ্য ভূমিকায় আছে বিদ্যানন্দ। জলমগ্ন সিলেট অঞ্চলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে তারা চলমান নৌকার ওপরই সারছে রান্নার কাজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া বৃহত্তর সিলেটের শিক্ষার্থীরাও নিজের এলাকার মানুষের দুর্দিনে নিয়েছেন সহায়তার উদ্যোগ। সেইসঙ্গে সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সমকালের খুলনা ব্যুরো জানায়, খুলনার একদল তরুণ, যাঁদের বেশিরভাগই আগে কখনও সুনামগঞ্জে যাননি। তবে জেলাটির বানভাসি মানুষের জন্য মন কাঁদছে সবার। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে কয়েকদিন ধরে ছুটে চলেছেন এই তরুণরা। আজ মঙ্গলবার খুলনার ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থার সদস্যরা সেখানে ত্রাণ নিয়ে গেছেন। সোমবার কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণ করেছেন খুলনা ব্লাড ব্যাংকের সদস্যরা। আজ বুধবার তাদের দুটি দল গোয়াইনঘাট ও সুনামগঞ্জে তৎপরতা চালাবেন।
ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইমরান হোসেন মৃধা জানান, প্রথমবার ৫০০ পরিবারের জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফা ত্রাণ পাঠানোর জন্য তহবিল সংগ্রহ চলছে।
খুলনা ব্লাড ব্যাংকের প্রথম দলটি সিলেটে পৌঁছেছে গত সোমবার। প্রথম দিন তারা কোম্পানীগঞ্জের একটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। সংস্থার কোষাধ্যক্ষ আসাদ শেখ সিলেট থেকে ফোনে জানান, প্রথম দিন অল্প কিছু পরিবারকে সাহায্য করেছি। আগামী দুই দিন আমরা সিলেটের গোয়াইনঘাট ও সুনামগঞ্জের এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেব।
এ ছাড়া 'খুলনা ট্রাভেলার্স' নামের ফেসবুকভিত্তিক সংগঠনও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করছে।
নৌকায় ভাসমান রান্নাঘর: স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে তাদের ত্রাণ তৎপরতার তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেখানে দেখা যায়, সুনামগঞ্জের সাচনা থেকে সীমান্তবর্তী এলাকা তাহিরপুরে খাবার বিতরণের জন্য রওনা হয়েছে একটি দল। রান্নার জায়গার অভাবে তারা চলমান নৌকাতেই সব কাজ করছেন। এক হাজার মানুষের জন্য মুরগি খিচুড়ি রান্নার পর তা প্যাকেট করছেন স্বেচ্ছাসেবীরা।
দুই দিনে দুই কোটি টাকা সংগ্রহ: সিলেট অঞ্চলের বানভাসি মানুষের সহায়তার জন্য ফেসবুকে অর্থ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুই দিনে তাঁর তহবিলে জমা পড়েছে প্রায় ৯৭ লাখ টাকা। এক ভিডিওবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানুষের এই বিশ্বাসের প্রতিদান দিতে আমি যথাযথভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করব।
দুই কোটি টাকা বরাদ্দ দিল পিকেএসএফ: বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে পিকেএসএফ। আজ পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মাহুফুজুল ইসলাম শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বন্যার্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের জন্য এ অর্থ ব্যয় হবে।
জবি শিক্ষার্থীদের উদ্যোগ: দু'দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে আহ্বান জানাচ্ছেন, 'সিলেটের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন'। এ উদ্যোগ নিয়েছেন জবি পড়ুয়া বৃহত্তর সিলেটের শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁরা প্রতিদিন কয়েকটি দলে ভাগ হয়ে ক্যাম্পাস থেকেও অর্থ সহায়তা সংগ্রহ করছেন। এদিকে বন্যার্তদের সহযোগিতায় ২৩ জুন 'কনসার্ট ফর সিলেট' আয়োজন করেছে জবি সাংস্কৃতিক কেন্দ্র।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আজ পুরান ঢাকার প্রধান কার্যালয়ে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেছে। সংগঠনের সভাপতি আরিফ হোসেন ছোটন জানান, প্রতিদিন ১৩০ প্যাকেট শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
- বিষয় :
- বন্যা
- সহায়তা
- মানবিকতা
- ভিন্ন স্বাদের খবর
- সিলেট