ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পাপের ফল ভোগ করছেন খালেদা জিয়া: নাসিম

পাপের ফল ভোগ করছেন খালেদা জিয়া: নাসিম
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১০

বিএনপিকে 'ষড়যন্ত্র-চক্রান্তের' পথ ছেড়ে সঠিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ভয়াল দুঃশাসনের কারণে বিএনপি ও দলটির নেত্রী খালেদা জিয়া সবক্ষেত্রে ব্যর্থ। দুর্নীতির কারণে কারাগারে বসে বিএনপি-জামায়াতের দুঃশাসন ও পাপের ফল ভোগ করছেন খালেদা জিয়া। শত চক্রান্ত-ষড়যন্ত্র করলেও বিএনপিকে আর কোনোদিন ক্ষমতায় আসার সুযোগ দেবে না দেশের জনগণ। বিএনপির উচিত অতীত কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কোন ফ্রাঙ্কেনস্টাইনের কারনে সড়ক আইন বাস্তবায়ন হচ্ছে না, এমন প্রশ্নও তোলেন তিনি।

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কম পড়ার কারণ অনুসন্ধানের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, কী কারণে ভোটাররা বিমুখ হলেন তা খতিয়ে দেখতে হবে। ভোটবান্ধব থেকে আমরা কেন দূরে সরে যাচ্ছি? এমপিদেরও উপলব্ধি করতে হবে, কেন কম ভোট পড়ল? কারণ একজন রাজনীতিবিদের কাছে ভোটার ছাড়া বিকল্প কিছু নেই।

'মুজিববর্ষের' কর্মসূচিতে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে জনগণের সমস্যা তুলে ধরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক পাহাড়-পর্বত পার হয়ে উন্নয়নের মহাসড়ক দিয়ে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নে অনেক দূর এগিয়ে গেলেও ঋণখেলাপিদের দৌরাত্ম্য কেন দূর করতে পারছি না? ঋণখেলাপি ও অর্থ লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে কোনো অভিযোগ শুনতে না হয়।

নাসিম আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সংসদে বিএনপির বন্ধুরা আছেন। সংসদে ভালো ভালো কথা বললেও বাইরে তাদের অন্য চেহারা। সংসদে যখন তারা কথা বলেন, তখন মনে হয় আওয়ামী লীগের প্রতিনিধিরা কথা বলছেন; কিন্তু বাইরে গেলেই উল্টো সুর।

তিনি বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে; কিন্তু দূরদর্শী, সাহসী ও প্রজ্ঞাবান একজন প্রধানমন্ত্রী রয়েছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তার সফল নেতৃত্বে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি-জামায়াতের ঘরও আজ বিদ্যুতের আলোয় আলোকিত। তাই বিএনপিকে বলব, আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদের নেত্রী (বিএনপি) সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন। আমরা ক্ষমতায় থেকে প্রতিহিংসা চরিতার্থ করিনি, প্রতিশোধ নিইনি; কিন্তু বিএনপির আমলে আমাদের প্রত্যেক নেতার শরীর নির্যাতনে ক্ষত হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সম্পর্কে তিনি বলেন, তিনি তো নিজেই হাঁটতে পারেন না। তিনি কীভাবে লাথি মেরে সরকারকে ফেলে দেবেন? আমরা তাকে শ্রদ্ধা করতাম, তার মুখে এসব কথা মানায় না। তিনি এখন অন্য দলের হয়ে (বিএনপি) ভাড়া খাটার ব্যবসায় নেমেছেন।

আরও পড়ুন

×