বাংলাদেশ ব্যাংক-এমআরডিআই যৌথ উদ্যোগ
সুন্দরবনে ৪২৫ পরিবারে পানির ট্যাংক বিতরণ
সুন্দরবনের প্রান্তিক নারীদের মাঝে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমানসহ অন্যরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ০৬:২৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ০৬:২৫
বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থানে সুন্দরবনের তিনটি গ্রামের ৪২৫টি পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রোববার এমআরডিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে বাস্তবায়িত এমআরডিআইর উদ্যোগের অংশ হিসেবে এসব পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।
পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন, বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থান সুন্দরবনের প্রান্তিক নারী ও তাদের পরিবারের সদস্যদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, বিভিন্ন সিএসআর উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের নারীরা দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছেন। এখন তারা অর্থ উপার্জন করছেন এবং তাদের পরিবারে সহায়তা করছেন। পানির ট্যাংক কেনার মোট অর্থের একটি উল্লেখযোগ্য অংশ তারা দিচ্ছেন, যা কয়েক বছর আগে চিন্তাই করা যেত না।
তিনি আরও বলেন, দারিদ্রের চক্র থেকে বের হয়ে আসতে এ নারীরা এখন সাহসের সঙ্গে এগিয়ে যাবেন। সিএসআর কার্যক্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তনে এটি একটি সফল দৃষ্টান্ত। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে সিএসআর দারিদ্র বিমোচনে আরও অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরডিআইর কর্মকর্তারা এবং তিনটি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এক বিবৃতিতে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ ব্যাংক এ তহবিল থেকে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে তাদের জীবন এবং সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা উদ্যোগটি নিয়েছি। আশা করছি, এ উদ্যোগ দারিদ্রের দুষ্টচক্র দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে।
- বিষয় :
- সুন্দরবন
- পানির ট্যাংক
- এমআরডিআই
- বাংলাদেশ ব্যাংক
