আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণ, নারী নিহত
আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের আগুনের ঘটনা ঘটে। ছবি-সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২২
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পর আগুনে জয়নব বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় সিলিন্ডারের লোহার টুকরা ছিটকে এসে পাশের একটি দর্জির দোকানে থাকা ওই নারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার এফ অ্যান্ড এফ পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে। পরে আগুন কারখানার পাশে থাকা কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে একটি মালবাহী কাভার্ডভ্যান পুড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে এফ অ্যান্ড এফ পোশাক কারখানায় ছুটি হলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বাসায় চলে যান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানার বাউন্ডারির ভেতরে থেমে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই লরিটির পাশে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।
বিস্ফোরণের সময় গ্যাস সিলিন্ডারের লোহার টুকরা ছিটকে কারখানার পাশের একটি দর্জির দোকানে গিয়ে পড়ে। সেখানে থাকা জয়নব বেগমের মাথায় টুকরাটি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আশপাশে থাকা কয়েকজনও আহত হন।
নিহত জয়নব বেগম গাজীপুরের কাশিমপুরের ইছরকান্দি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি জামগড়ায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। দর্জির দোকানটি তাঁর মেয়ের।
জয়নবের মেয়ে বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর মা দর্জির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই তাঁর মা মাটিতে লুটিয়ে পড়েন। পরে কারখানার সামনে আগুন দেখতে পান। এ সময় পোশাক কারখানার শ্রমিকসহ আশপাশের লোকজন দিকবিদিক ছুটতে থাকেন। ঘটনাস্থলেই তাঁর মা মারা যান।
প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয় অনেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাঁরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাঁদের স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। বাইপাইল সড়কে যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় গ্যাস সিলিন্ডারের লোহার টুকরা ওই নারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
- বিষয় :
- আগুন
- মৃত্যু
- নারী
- পোশাক কারখানা