ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১০

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১০
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনুশ্রী দাশ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আরও ১১০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানো হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ১৪ সেপ্টেম্বর অনুশ্রীর জ্বর আসে। এরপর ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ১৮ সেপ্টেম্বর তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। ওইদিনই তাকে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। তবে দ্রুত তার প্লাটিলেট কম থাকায় আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়। যে কারণে পরে তাকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। তবে বিকেলেই মৃত্যু হয় সাতবছর বয়সী অনুশ্রীর। মারা যাওয়া অনুশ্রী দাশ নগরের পাহাড়তলী এলাকার সুবল দাশের মেয়ে বলে জানা গেছে। 

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জন ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু প্রকোপের এই সময়ে জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকেই। তাই, এই সময়ে শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই চিকিৎসক দেখাতে হবে। অবহেলা করে দেরিতে চিকিৎসা নিলে বড় বিপদ ঘটতে পারে। মশার কামড় থেকে রক্ষা পেতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। শিশুদের দিকে বাড়তি নজর রাখতে হবে অভিভাবকদের।

আরও পড়ুন

×