ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হার্টের রিং বেশি দামে বিক্রির অভিযোগ, দুদকের অভিযান

হার্টের রিং বেশি দামে বিক্রির অভিযোগ, দুদকের অভিযান
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৪

হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের কাছে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে হার্টের রিং বিক্রির অভিযোগে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার ঢাকা দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম রাজধানীর ওই হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের কাছে ওই রিং বিক্রির নানা তথ্য, রেকর্ডপত্র সংগ্রহ করেছে। দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে—এমন রোগীদের জন্য নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। 

দুদক জানায়, হাসপাতালে ভর্তিকৃত হার্টের রিং পরিহিত রোগীদের সেবা প্রদান-সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে পাওয়া তথ্য পর্যালোচনা ও সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম শিগ্‌গির কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 

জানা গেছে, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং (করোনারি স্টেন্ট) নির্ধারিত মূল্যের অধিক দামে বিক্রি ও রোগীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ আসে দুদকে। সেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের কথাও উল্লেখ করা ওই অভিযোগে। পরে অভিযোগটি পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার অভিযান চালানো হয়।

আরও পড়ুন

×