আদালতে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে সেমিনার
সেমিনারে আমন্ত্রিত অতিথিরা-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৬
আদালতে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘আদালতে বাংলা ভাষার প্রয়োগ: পাঠ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী। তিনি বলেন, উচ্চ আদালতে বাংলায় রায় লিখতে আইনি বাংলা পরিভাষা নেই বলে যে অজুহাত দাঁড় করানো হয় সেগুলো কোনো সমস্যা নয়। প্রকৃত সমস্যা হয়তো চেতনায় ও পারিশ্রমিকের সঙ্গে সংশ্লিষ্ট।
ডেপুটি অ্যার্টনি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ বলেন, স্বাধীনতার পর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, অথচ আমাদের মায়ের ভাষাটিই সর্বস্তরে পৌঁছাতে পারেনি। এটি দুঃখজনক।
বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর পিলখানা হত্যাকাণ্ড মামলার রায়ের উদাহরণ দিয়ে বলেন, পিলখানা হত্যা মামলায় রায়টি ১৬ হাজার ৫৫২ পৃষ্ঠা, যেখানে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৮টি শব্দ ব্যবহার করা হয়েছে। এত বড় রায় সম্পূর্ণ বাংলায় লেখা হয়েছে। আইনি পরিভাষা নেই বলে বাংলায় রায় লেখা সম্ভব না, এই যুক্তি ধোপে টেকে না। বঙ্গবন্ধুর এত স্বপ্ন বাস্তবায়ন করি, কিন্তু এই স্বপ্নটি বাস্তবায়ন করতে কিসের এত বাধা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহব্বায়ক ও সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান তার বক্তব্যে বলেন, যে গৌরবময় আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষার দাবি অর্জিত হয়েছে, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি, সেই ভাষা সর্বস্তরে চালু হলে তা আমাদের ছোট করবে না বরং তা হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ ও চেতনা বাস্তবায়নের একধাপ অগ্রগতি।
সেমিনারে উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আশেয়া বেগম।
অধ্যাপক ড. আশেয়া বেগম বলেন, জনগণের বিচারিক অধিকার নিশ্চিত করার জন্য আদালতে গণমানুষের বোধগম্য ভাষা তথা বাংলা ভাষা ব্যবহার জরুরি। বাংলায় রায় লেখা কোনো দুর্বলতা নয়, বিচারকদের এই মানসিকতা তৈরি করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলা ভাষা শিক্ষক পর্ষদের সভাপতি ড. রতন সিদ্দিকী ও আইন কমিশনের মুখ্য গবেষণা কর্তকর্তা (জেলা জজ) ফউজুল আজিম প্রমুখ। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- আদালত
- বাংলা ভাষা
