ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

৯১ বছরের সাংবাদিকের ১৮তম বিশ্বকাপ, প্রশ্ন ফেলতে পারলেন না স্কালোনি

৯১ বছরের সাংবাদিকের ১৮তম বিশ্বকাপ, প্রশ্ন ফেলতে পারলেন না স্কালোনি
×

বিশ্বকাপ কাভার করতে আসা ৯১ বছর বয়সী আর্জেন্টাইন সাংবাদিক মারকুইজ মাকাবে এনরিকে। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২২:৫৪ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ২২:৫৬

তখন রেডিও’র যুগ। সাংবাদিকদের কণ্ঠে ভক্তরা বিশ্বকাপ দেখতেন। বিশেষ বিশেষ মুহূর্ত অনুধাবন করতেন। ১৫ বছরে বয়সে বুয়েন্স এইরেসের রেডিও রিভাদাভিয়ায় চাকরি শুরু করেন এক ছেলে। নাম এনরিক মাকাবে মারকুইজ। ১৯৫৪ বিশ্বকাপের আগে যোগ দিলেন রেডিও বেলগ্রানোতে। মাত্র ২৩ বছর বয়সে সুইডেন ভ্রমণ করলেন ১৯৫৪ বিশ্বকাপ কাভার করতে। 

এরপর দুই-পাঁচ-দশ করতে করতে ২০২৬ বিশ্বকাপেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন এই সাংবাদিক। যৌবন, মধ্য বয়স পেরিয়ে এখন তিনি জীবনের পড়ন্ত বেলায়। বয়স ৯১ বছর। কাভার করছেন ক্যারিয়ারের ১৮তম বিশ্বকাপ। যিনি মাঠে থেকে ব্রাজিলের চারটি বিশ্বকাপ শিরোপা জিততে দেখেছেন। পেলেকে মাঠ মাতাতে দেখেছেন। ম্যারাডোনার হাতে শিরোপা উঠতে দেখেছেন। মেসিকেও চুমু আঁকতে দেখেছেন সোনালি শিরোপায়। 

কাতারে ২০২২ বিশ্বকাপে মাকাবে ছিলেন। ১৭তম আসর কাভার করার সময় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস কাউন্সিল ও ফিফা তাকে সম্মাননা দিয়েছিল। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ‘ফুটবলের জন্য অসাধারণ মুহূর্ত’ বলে অ্যাখ্যা দিয়েছেন। 

জর্ডানের বিপক্ষে রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। শনিবার ম্যাচের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাকাবে। তার সম্মানে প্রথম প্রশ্নটা করার অনুরোধ করেন স্কালোনি। তার উপস্থিতির প্রশংসা করেন। মাকাবের করা প্রশ্নের উত্তর না দিয়েও পারেননি, ‘আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছে, আপনার কণ্ঠ শোনা আমার জন্য আনন্দের। ১৮তম বিশ্বকাপ, অসাধারণ অর্জন। আপনাকে এতো বছর ধরে চিনি। আপনার প্রশ্নের উত্তর দিতে পারাও ভালো লাগার বিষয়।’ 

মাকাবে প্রশ্নটাও করেছেন অনুমিত- ‘মেসি কি জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরুতে খেলবেন?’ ম্যাচের আগে এমন প্রশ্নে কোচরা সাধারণত একটু ঘুরিয়ে-পেচিয়ে উত্তর দেন। কিন্তু মাকাবের প্রশ্নে সেই পথে হাঁটেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ‘শুধু প্রশ্নটা আপনি করেছেন দেখেই, আমি উত্তর যথাযথ দিচ্ছি। তাছাড়া এড়িয়ে যেতাম। মেসি বেঞ্চে থেকে শুরু করবে, দ্বিতীয়ার্ধে।’ 

স্কালোনি আরও জানান, এতো বছর সাংবাদিকতা করার পর, এতো বছর ধরে বিশ্বকাপ কাভার করার পর প্রশ্নের উত্তর পাওয়াটা মাকাবের প্রাপ্য। সেজন্যই মেসির শুরুতে না খেলার বিষয়টি জানিয়ে দিলেন। বাকি দলটা কেমন হবে, নিজের কাছেই রাখছেন তিনি। স্কালোনি প্রশ্ন করার জন্যও মাকাবে’কে ধন্যবাদ জানান এবং বিশ্বকাপ উপভোগ করতে শুভকামনা জানান। 

আরও পড়ুন

×