ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

শুরুর একাদশে থাকবেন না মেসি, নিশ্চিত করলেন কোচ 

শুরুর একাদশে থাকবেন না মেসি, নিশ্চিত করলেন কোচ 
×

অনুশীলনে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:৫৩

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নকআউট পর্ব নিশ্চিত করা আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রশ্নের জবাবে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ বলেন, ‘লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে, দ্বিতীয়ার্ধে। আমরা আগামীকাল দল ঘোষণা করবো। যে দল নিয়ে আমরা খেলবো, এর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের কোন সম্পর্ক নেই।’ 

সংবাদ মাধ্যম আগেই দাবি করেছে, এশিয়ার দল জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশের নয় জন খেলোয়াড় বদলে যেতে পারেন। শুধু এমিলিয়ানো মার্টিনেজ থাকতে পারেন শুরুর একাদশে। সেখানেও পরিবর্তন দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ জেরোনিমো রুল্লি, হুয়ান মুসোদের কাতার বিশ্বকাপের দলে থাকলেও ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি। 

জর্ডান ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মিডফিল্ডার নিকো পাজ, ডিফেন্ডার মার্কো সেনসি, লো চেলসো, ভ্যালেন্টিন বার্কো ও নিকোলাস গঞ্জালেসের। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডির এখনো শুরুর একাদশে সুযোগ মেলেনি। তারা সুযোগ পেতে পারেন। ফর্মে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ থাকতে পারেন শুরুতে। 

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, শুরুতে যারাই খেলুক, তিনি চান সর্বোচ্চ পারফরম্যান্স, ‘দল একইভাবে খেলবে। যেভাবে আমরা চাচ্ছি। জর্ডান ভালো দল। আমরা কোনকিছুই নিশ্চিত ধরে নিতে পারি না। আমরা গত ম্যাচের সঙ্গে কিছু বিষয় পরিবর্তন করে খেলতে চাইবো। কিন্তু বলের নিয়ন্ত্রণ পায়ে রেখে, ম্যাচে কর্তৃত্ব করে খেলায় কোন পরিবর্তন আসবে না।’ 

আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কো সেনসি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লো চেলসো, লিয়ান্দ্রো পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস।  

আরও পড়ুন

×