ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
×

ফাইল ছবি

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৯:৫৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আলগেস আলীর পরিবারের সঙ্গে তার ভাই আব্দুর রাজ্জাকের প্রায় ১০ বছর ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলে আসছিল। শনিবার দুপুরে এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সময়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দাম হোসেন লাঠি দিয়ে আব্দুল জলিলকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্বজনরা জলিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় পরিবারের পক্ষে থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×