ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সাবেক এমপি আউয়ালের হাইকোর্টের আগাম জামিন বহাল

সাবেক এমপি আউয়ালের হাইকোর্টের আগাম জামিন বহাল
×

একেএমএ আউয়াল -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৩৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা দুদকের আবেদন রোববার খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এ কে এম এ আউয়ালের পক্ষে ছিলেন শেখ আওসাফুর রহমান।

এর আগে গত ৭ জানুয়ারি হাইকোর্ট তাদের জামিন দেন। পাশাপাশি আগাম জামিনের মেয়াদ শেষ হলে তাদের বরিশালের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করাসহ অন্যান্য দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ তিনটি পৃথক মামলা করেন।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যহার করে ছয়জন ভুয়া ব্যক্তিকে ভূমিহীন সাজিয়ে খাসজমি লিজ নিয়ে ওই জমিতে স্ত্রীর নামে তিনতলা ভবন নির্মাণ করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দিয়ে দখলে রাখার অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করা হয়। একই প্রক্রিয়ায় স্বরূপকাঠি উপজেলায় খাসজমি অবৈধভাবে দখল করে আধুনিক ডাকবাংলো নির্মাণের অপরাধে আউয়ালের বিরুদ্ধে দ্বিতীয় মামলা করা হয়। এ ছাড়া পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার জেএল-৪৬, খতিয়ান নম্বর ২৯৩, রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতক খাসজমির চারদিকে পাকা প্রাচীর দেওয়াল নির্মাণ করে দখলে রাখার অভিযোগে তৃতীয় মামলা করা হয়।

আরও পড়ুন

×