ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে শিক্ষা বোর্ডের চিঠি

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে শিক্ষা বোর্ডের চিঠি
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪৫

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অপসারণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নিয়মিত গভর্ণিং বডি চলমান না থাকায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মাউশি মহাপরিচালককে লেখা এক সরকারি পত্রে এ অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের মেয়াদ ২০২০ সালের ২ জুলাই শেষ হয়। বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান। প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ২০২০ সালের ১৮ মের সভায় ওই বছরের ৩ জুলাই থেকে মো. ফরহাদ হোসেনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে নিয়োগ করা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের মতামত অনুযায়ী ফরহাদ হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ সঠিক ও বিধি সম্মত হয়নি।

এদিকে শিক্ষাবোর্ডের ই-নথি ও ম্যানুয়ালি নথির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ২০২১ সালের ২৩ মে তারিখের পর থেকে কোনো কমিটি নেই। চিঠিতে নিয়মিত গভর্ণিং বডি চলমান না থাকায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধি মোতাবেক একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।

মাউশি সূত্র জানায়, ঢাকা বোর্ডের চিঠি তারা পেয়েছেন। এখন সরকারি বিধি মোতাবেক, প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় এর কলেজ শাখার কর্মরত সর্বজ্যেষ্ঠ্য শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে মাউশি থেকে আদেশ জারি করা হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, এ আদেশ জারি করা হলে বিদায় নিতে হবে বর্তমানে অবৈধভাবে চুক্তিতে থাকা মো. ফরহাদ হোসেনকে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মো. রবিউল আলম বৃহস্পতিবার সমকালকে বলেন, তদন্তে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিষয়ে নানা ধরনের অনিয়ম উঠে এসেছে। বর্তমানে যাকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার নিয়োগ অবৈধ।

তিনি আরও বলেন, এ কারণে তাকে সরিয়ে কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে মাউশিকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। পরে বৈধ কমিটির মাধ্যমে অধ্যক্ষ পদে যোগ্য ব্যক্তিকে সার্কুলার দিয়ে নিয়োগ দেওয়া যাবে।

আরও পড়ুন

×