ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইভিএমে বিড়ম্বনা কয়েক জায়গায়, ভোটারও কম

ইভিএমে বিড়ম্বনা কয়েক জায়গায়, ভোটারও কম
×

সিলেটের ওসমানীনগরে খসরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি- সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৯:১৬ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৯:১৬

স্থানীয় সরকারের নির্বাচনে বুধবার কয়েকটি স্থানে ইভিএম পদ্ধতিতে ভোটদান করতে গিয়ে বিড়ম্বনার শিকার হন ভোটাররা। ভোটার উপস্থিতিও ছিল বেশ কম। এ দিন অর্ধশতাধিক স্থানে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে সাতটি উপজেলা ও চারটি পৌরসভা রয়েছে। বাকিগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বিশ্বনাথ প্রতিনিধি জানান, বিশ্বনাথ পৌরসভার ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে দু'পক্ষের মধ্যে মারামারি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ সাবেক মেম্বার আবদুশ শহীদ, যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেন, মাওলানা সালেহ আহমদ ও উজ্জ্বল নামের এক ভোটারকে আটক করে। এখানে একাধিক কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে বিড়ম্বনার দেখা যায়।

ওসমানীনগর প্রতিনিধি জানান, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম কাজ করেনি বলে অভিযোগ করেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আনা মিয়া। প্রিসাইডিং অফিসার একটি মেশিন সমস্যার কথা স্বীকার করেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ইকরছই সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোটদানে বিঘ্ন ঘটে। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি বলে জানান ইকরছই গ্রামের আবদর রাজ্জাক কাজী। হেকিম উল্লাহ নামের আরেক ভোটার জানান, তিনি তিনবার চেষ্টা করেও ভোট দিতে পারেননি।

এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং অফিসার অজয় কৃষ্ণ পাল বললেন, আবদুর রাজ্জাকের ভোটার আইডিতে আরেক জনের নাম-ঠিকানা দেখাচ্ছে। এ জন্য ভোট নিতে পারছি না। ভোটারদের ভোটার আইডি কার্ড নিয়ে এসেও ভোট না দিয়ে ফেরত যাওয়ার বিষয়টি প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসাইনকে জানালে তিনি কক্ষে আবদুর রাজ্জাক কাজীসহ কয়েকজনকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভোটে আরও অনেক কেন্দ্রেই ইভিএম ভোটে এমন ভোগান্তি ছিল।

এই কেন্দ্রের বয়োজ্যেষ্ঠ ভোটার সাইফুল ইসলাম বলেন, 'ভোট দিতে বড়ই ঝামেলা। ভোট দিতে গিয়ে টিপাটিপি করা লাগে। এসব বুঝি না, কোনটায় টিপ দিমু কোনটায় না। আগেই ভালো ছিল।'

তবে একই কেন্দ্রের তরুণ ভোটার ইমদাদুর রহমান সুমন বলেন, 'প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।'

নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে জানান ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা। উপজেলার পাঁচটি কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের লাইন দেখা যায়নি।

আরও পড়ুন

×