রোকেয়া বিশ্ববিদ্যালয়
আবার ভিসির 'হাজিরা খাতা' টাঙাবেন আন্দোলনকারীরা
ক্যাম্পাসে উপাচার্যের নিয়মিত উপস্থিতির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৬:১৮ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৬:২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর 'হাজিরা খাতা' রোববার আবারও ক্যাম্পাসে টাঙানোর এবং সোমবার উপাচার্যের দুর্নীতির চিত্র তুলে ধরে ব্যানারে প্রকাশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং ক্যাম্পাসে তার নিয়মিত উপস্থিতির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে এ ঘোষণা দেন তারা। শিক্ষকদের সংগঠন 'অধিকার সুরক্ষা পরিষদ' আয়োজিত মানববন্ধনে পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাম মণ্ডল।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অধিকার সুরক্ষা পরিষদের সদস্য-সচিব ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবীর সুমন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশচন্দ্র রায়, সহকারী অধ্যাপক মশিউর রহমান, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম প্রমুখ।
সভায় বক্তারা উপাচার্যের একাডেমিক-প্রশাসনিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করেন এবং ক্যাম্পাসে টাঙানো উপাচার্যের হাজিরা খাতা চুরি ও উপাচার্যের কক্ষের দরজার সামনে টাঙানো স্মারকলিপি খুলে ফেলার প্রতিবাদ জানান।
গত ৫ ফেব্রুয়ারি উপাচার্যের অর্ধশাধিক অনিয়ম-দুর্নীতির খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করে অধিকার সুরক্ষা পরিষদ। এরপর উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে চান তারা। এর প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার ক্যাম্পাসে আসেন উপাচার্য কলিমউল্লাহ। কিন্তু অধিকার সুরক্ষা পরিষদের নেতাদের সঙ্গে দেখা করেননি তিনি। এমনকী প্রশাসনিক ভবনের কার্যালয়েও আসেননি। ক্যাম্পাসের বাসভবনেই অবস্থান করছেন উপাচার্য। বিজ্ঞপ্তি।
