ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জুয়ার সরঞ্জাম জব্দের আদেশ আপিল বিভাগে স্থগিত

জুয়ার সরঞ্জাম জব্দের আদেশ আপিল বিভাগে স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৭:৫৭ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৮:০২

জুয়া ঠেকাতে সরঞ্জাম জব্দে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা ও উত্তরা ক্লাবসহ কয়েকটি ক্লাবের পক্ষে আপিল করার অনুমতি দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে জুয়া খেলা অবৈধ- উল্লেখ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। এ ছাড়া জুয়া খেলা বন্ধে সরকারের পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না তা জানতে চেয়েছেন আদালত। এক্ষেত্রে আদালতকেই সব ব্যবস্থা করতে হবে কি-না তা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান আপিল বিভাগ।

বৃহস্পতিবার আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফিদা এম কামাল ও মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব।

আইনজীবী রানজীব পরে সাংবাদিকদের বলেন, গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ক্লাবসহ পাঁচ জেলার অভিজাত ১৩ ক্লাবে সব ধরনের জুয়া খেলা বেআইনি ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জুয়া নিষিদ্ধের পাশাপাশি এ ঘটনায় সাজা বৃদ্ধি করে আইন সংশোধন করাও জরুরি। রায়ে ছয়টি নির্দেশনা ছিল। এর মধ্যে ৩ নম্বর নির্দেশনাটি আপিল বিভাগ স্থগিত করেছেন।

প্রসঙ্গত, ঢাকা ও উত্তরা ক্লাবসহ ১৩টি ক্লাবে জুয়া খেলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে জনস্বার্থে একটি রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সামিউল হক ও রোকন উদ্দিন মো. ফারুক। বাকি ১১ ক্লাব হচ্ছে- গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

আরও পড়ুন

×