ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জজ আদালতে বিএনপির ৪২৬ নেতা-কর্মীর জামিন আবেদন

জজ আদালতে বিএনপির ৪২৬ নেতা-কর্মীর জামিন আবেদন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ০২:৩৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ০২:৩৪

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪২৬ নেতা-কর্মী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন জমা দেন।

বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে পরপর তিনবার তাদের জামিন নামঞ্জুর করেছেন। এরপর তারা জজ আদালতে জামিনের আবেদন জমা দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তাদের জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই আদালত গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আহত হন অনেকে।

এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন

×