মঙ্গোলিয়ার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ১৩:১৩
মঙ্গোলিয়ার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের অত্যাধুনিক উড়োজাহাজের মাধ্যমে দেশটির ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে আজ শুক্রবার তিন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পাইলটরা ‘লাইন ট্রেনিং’ প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে হাতে-কলমে ড্রিমলাইনার–৭৮৭ উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ পাবেন তারা।
প্রথম ব্যাচে আসা তিন পাইলট হলেন-মুনগুনতুলগা ওয়ুনবোল্ড, আমরসানা বাইম্বাসুর ও মুনখোচির গোতভ। অন্য ৯ জনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণার্থী পাইলটদের বোয়িং-৭৩৭ ও ৭৬৭ চালানোর অভিজ্ঞতা আছে।
বিমান সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের সব খরচ বহন করছে মঙ্গোলিয়া সরকার। এ ছাড়া একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় ১৬ হাজার ডলার পাবে।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব শফিউল আজিম বলেন, আমাদের দেশের দক্ষ পাইলট দ্বারা বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অনেক আগেই পরিকল্পনা করা হয়। এর প্রেক্ষিতে আজ শুক্রবার তিন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শুধু পাইলটদের প্রশিক্ষণই নয় আমাদের দক্ষ জনবল দিয়ে বিদেশিদের এয়ার ক্রাফট মেরামত (সি চেক) করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই প্রক্রিয়া গত কয়েক বছর ধরে চলে আসছে। এর মাধ্যমে আমাদের মোটা অঙ্কের রাজস্ব আয় হচ্ছে।
- বিষয় :
- মঙ্গোলিয়া
- পাইলট
- বিদেশি পাইলট
- বিমান
- প্রশিক্ষণ
