চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
গণভবনে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১১:১৮ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১১:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোভিডের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে। সেটা এরই মধ্যে হয়ে গেছে এবং অনেকে পেয়েও গেছে।’ জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি। আমরা নির্বাচনী ইশতেহারে এ কথাটি বলেছিলাম। (চাকরিতে প্রবেশের) বয়সসীমা নিয়ে একটা কথা বলি, একবার খুব আন্দোলন করল। আমরা হিসাব নিয়েছিলাম, ২৪ থেকে ২৫ বছরের একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয়, এর চেয়ে ২৯ থেকে ৩০ বছরের ছেলেমেয়ে যখন পরীক্ষা দেয় এরা বেশিরভাগই ফেল করে, ভাল ফলাফল আসে না। আমরা পুরো চার্ট বের করে নিয়ে এসেছিলাম। সব জিনিসের প্রতিযোগিতার একটা বয়স থাকে, একটা সময় থাকে।’
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন।
