করোনা: আদালতে জামিন-নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৭:২৮
করোনাভাইরাস সংক্রমণের কারণে আদালত বন্ধ থাকায় ইতোমধ্যে যেসব মামলায় জামিন ও অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে আদালত খোলার পরও তারা দুই সপ্তাহ সময় পাবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ ও আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাস পরিস্থিতিতে নিয়ে বৈঠক করে শনিবার এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে জারি করা নোটিশে বলা হয়েছে, এ ছাড়া বিশেষ আইনের মামলায় আদেশ ও রায়ের বিরুদ্ধে আদালত খোলার দিন আপিল দায়ের করা যাবে।
এতে আরও বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করানোভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত রয়েছে।
নোটিশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সংকটময় সময় বিবেচনা করে ইতোমধ্যে যে সব ফৌজদারি মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় উচ্চ আদালতে অধস্তন আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে, বা যে সব দেওয়ানি মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা/স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছে, সে সব মামলার আদেশের কার্যকারিতা আদালত খোলার তারিখ থেকে দুই সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এতে বলা হয়, এছাড়া সকল বিশেষ আইনের আওতাধীন মামলার আদেশ/রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টসহ সকল আপিল আদালতে খোলার তারিখে আপিল দায়ের করতে হবে। এক্ষেত্রে রায়ের সহি মোহর নকল (সত্যায়িত অনুলিপি) না থাকলেও আপিল দায়ের করা যাবে। তবে আপিল শুনানির পূর্বে সহি মোহর নকল অবশ্যই দাখিল করতে হবে।
এর আগে গত ২২ মার্চ প্রধান বিচারপতির আদেশক্রমে করোনাভাইরাসের কারণে দেশের
অধস্তন (নিম্ন) আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত
অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেয়া হয়। এছাড়া
কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজন ভ্যান বা অন্য
কোনোভাবে আদালতে হাজির না করতে গত ১৯ মার্চ নির্দেশ দেওয়া হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- আদালত
