ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আলোচনা সভায় বক্তারা

সিরাজুল আলম খানের ১৪ দফাই আগামী বাংলাদেশের রূপরেখা

সিরাজুল আলম খানের ১৪ দফাই আগামী বাংলাদেশের রূপরেখা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২২:০০

স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খানের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে তাঁর প্রস্তাবিত ১৪ দফা এখনও প্রাসঙ্গিক। তারা দাবি করেন, আগামী বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার রূপরেখা হতে পারে এই ১৪ দফা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় টিম আয়োজিত ‘১৪ দফাই আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি স্বরূপ হাসান শাহীন বলেন, আরও উন্নত জ্ঞানভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সিরাজুল আলম খানের ১৪ দফার বিকল্প কোনো রাষ্ট্রীয় প্রস্তাবনা দেশে নেই। তিনি বলেন, অভ্যন্তরীণ উপনিবেশ ও পরাধীনতার অবসান ঘটিয়ে বিকশিত সমাজশক্তির অদলীয় রাজনীতি, চিন্তার স্বাধীনতা এবং রাষ্ট্র ক্ষমতায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এ কারণেই ‘১৪ দফাই আগামী বাংলাদেশ’।

অনুষ্ঠানের শুরুতে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডা. ম. রশীদ আহমেদ ও সাংবাদিক মো. শহীদুজ্জামান। মশিউর রহমান মসী ও নওরীন সুলতানা শান্তার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মিল্টন হোসেন, আকাশ আহমেদ, এম এ আউয়াল, মোহাম্মদ হামিদুল হকসহ শ্রম, কর্ম, পেশাজীবী ও নারী সংগঠনের নেতারা।

আলোচনায় বক্তারা বলেন, সিরাজুল আলম খানের ১৪ দফা প্রস্তাবে ফেডারেল রাষ্ট্রব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, জাতীয় ঐকমত্যের সরকার, প্রাদেশিক শাসনব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক আদালত, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্থায়ী বিচার বিভাগীয় কাউন্সিল, শক্তিশালী স্থানীয় সরকার এবং অর্থনৈতিক উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তারা বলেন, সিরাজুল আলম খান তাঁর ‘বাঙালীর তৃতীয় জাগরণ’ গ্রন্থে ১৪ দফার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন, যা স্বাধীন দেশ-উপযোগী রাষ্ট্রকাঠামো নির্মাণের একটি পূর্ণাঙ্গ রূপরেখা।
 

আরও পড়ুন

×