ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১২:৫২ | আপডেট: ২২ জুন ২০২৩ | ১২:৫২
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ কামিল মাস্টার্স (১ বছর মেয়াদি) পরীক্ষা-২০১৮ (শিক্ষাবর্ষ ২০১৭-১৮), ২০১৯ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) এবং ২০২০ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) এর ফল ঘোষণা করেন।
তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
এর আগে সকালে কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ভিসির হাতে অনুষ্ঠানিকভাবে তুলে দেন। ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার জাকির হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদি) পরীক্ষা-২০১৮ (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) ৬০৮ জন, ২০১৯ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) ৫২৭ জন এবং ২০২০ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ৪৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৪ জন, পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন, পাসের হার ৮৫ দশমিক ২০ শতাংশ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭ জন যেখানে পাসের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) এ পাওয়া যাবে।
/এসআর/
