চাঁদের বিরুদ্ধে সব মামলা একসঙ্গে বিচারের নির্দেশ
আবু সাঈদ চাঁদ - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৫:৩৭
রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, একই অভিযোগে একটি মামলা হলেই তো যথেষ্ট। একই অভিযোগে বিভিন্ন জায়গায় মামলা করছেন, রিমান্ডে নিচ্ছেন এটা তো হয়রানি। তারা (চাঁদের আইনজীবী) চাচ্ছেন, সব মামলার এক জায়গায় বিচার হোক। এক মামলায় প্রয়োজনে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কিন্তু আপনারা যে রাস্তা দেখাচ্ছেন, এটা একদিন আপনাদের জন্যই কাল হতে পারে।
পরে আদালত এই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদকে বিভিন্ন জেলায় রিমান্ডে না নেওয়ার নির্দেশ দেন।
এর পাশাপাশি জারি করা রুলে স্থানীয় আদালতের সীমানার বাইরে একই ঘটনায় একাধিক মামলা দায়েরে কেন সংবিধান লঙ্ঘন হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, মামলা সংশ্লিষ্ট জেলার মুখ্য মহানগর হাকিম ও পুলিশ সুপারসহ ২০ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে ঘটনাস্থল রাজশাহীর পুঠিয়া হওয়ায় সব মামলার বিচার হবে রাজশাহীর আদালতে।
প্রসঙ্গত, গত ২৫ মে রাজশাহীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ কয়েক দফা তাকে রিমান্ডে নেয়।
