ওএমএসের চাল কালোবাজারি হলে কঠোর শাস্তি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
প্রতি কেজি ১০ টাকা মূল্যের ওএমএসের চাল কালোবাজারি হলে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে পাঠানো চিঠিতে খাদ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।
চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রণালয় গৃহে অবস্থানকারী সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও অন্যান্য কর্মহীন মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম গ্রহণ করে।
এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরসহ বিভাগীয় ও জেলাশহর এবং জেলাশহর বহির্ভূত পৌরসভায় প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, একজন ভোক্তা সপ্তাহে একবার মাত্র পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবে। কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে, কিছু ব্যক্তি ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করছে। ইতোমধ্যে দেশের কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে। ওএমএস কার্যক্রমে কোনো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি দিতে হবে।
