ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমনের আহ্বান হানিফের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের দুর্যোগের সময় ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, এদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার।
মাহবুব-উল আলম হানিফ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, কেউ যাতে ত্রান আত্মসাত করতে না পারে, সে ব্যপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি কোনো ব্যক্তি কিংবা জন প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ ওঠে ত্রাণ আত্মসাতের, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
শনিবার এক ভিডিও বার্তায় মাহবুব-উল আলম হানিফ বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালে অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। কারা এসব অমানুষ? যারা এই প্রাণঘাতি রোগের সময়ও অসহায় মানুষের ত্রাণ আত্মসাত করতে পারে?
প্রধানমন্ত্রী, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের মানুষকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছু মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। যার ফলে করোনাভাইরাস ধীরে ধীওে ছড়িয়ে যাচ্ছে। তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ও মানুষের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলা করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই দুর্যোগকালে অনেক ব্যক্তি বা সংগঠন, চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, প্যাথলজিষ্ট, সেনাবাহিনী ও পুলিশ প্রচন্ড ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাদেও প্রতি দেশবাসীর গভীর কৃতজ্ঞতা রয়েছে।
