আবারও বাড়ল সব রুটে ফ্লাইট বন্ধের মেয়াদ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনার কারণে তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে দেশের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধের মেয়াদ। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ১৬টি আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ সব রুটে বন্ধ থাকবে যাত্রীবাহী ফ্লাইট। তবে চীনের সঙ্গে ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন রুটে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট চলছে।
শনিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সমকালকে জানান, ১৬টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সব রুটে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল।
করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশের যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত ও সৌদি আরবসহ সব রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিলেও পরে তা বাড়িয়ে ৭ এপ্রিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
