কৃষকের জন্য প্রণোদনায় ২% সুদসহ ৭ দফা দাবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৮:৫৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ০৯:১৪
সম্প্রতি কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সেই প্রণোদনায় ঋণ পেতে কৃষককে গুণতে হবে ৪% সুদ। অথচ, শিল্পখাতে সরকারি প্রণোদনায় ২% সুদহার আরোপ করেছে সরকার। এমন অবস্থায় দেশের অতিদরিদ্র কৃষক সমাজের জন্য এই প্রণোদনায় সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, খানি-বাংলাদেশ।
বৃহস্পতিবার খানির সভাপতি ড. জয়নাল আবেদিন, সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক ও সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ সাক্ষরিত এক বিবৃতিতে কৃষকদের স্বার্থ রক্ষায় ৭ দফা দাবিও পেশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, করোনার আগ্রাসন থেকে রেহাই পায়নি কৃষিখাতও। পরিবহন লকডাউন এবং আঞ্চলিক লকডাউনের কারণে পণ্যবাজার সংকুচিত হয়েছে, কৃষকরা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না আবার উপকরণ সরবরাহে অপ্রতুলতায় আগামিতে উৎপাদন কমে আসারও শঙ্কা রয়েছে। তাতে আসছে দিনগুলোতে দেশে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। গত ৭ এপ্রিল জেলা প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে করোনা প্রভাব, এতে ব্যাপকভাবে খাদ্যাভাব দেখা দেবে বিশ্বব্যাপী। প্রথম বিশ্বযুদ্ধের পরে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সে রকম অবস্থা হতে পারে।‘ এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঘোষিত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে “কৃষিখাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কীম” প্রণোদনায় ৪% সুদের হারকে আমরা অত্যন্ত চড়া ও অসম বলে মনে করছি। একই সাথে আমরা মনে করি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণসহায়তার নয়, বরং রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ ও নগদ মূলধন সহায়তা দিতে হবে। আর প্রাতিষ্ঠানিক কৃষির জন্য সরকার ঘোষিত প্রণোদনায় সুদের হার কমিয়ে ২% করতে হবে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা, মূলধন সহায়তা, হাওরাঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক ও করোনা নিরাপত্তা, মাঠ থেকে সরাসরি ধান সংগ্রহ, সরকারিভাবে ২৫ লাখ মেট্রিকটন ধান ও চাল ক্রয় করা, ক্ষুদ্র কৃষকদের জন্য ডিজেলে নগদ সহায়তা, দুগ্ধ ও পোল্ট্রি খামারি ও মৎস্যজীবীদের জীবিকায়ন ও ওয়ার্কিং ক্যাপিটাল প্রদান করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
