সরকারের কাছে শনিবার করোনা কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:০৭
গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণে তাদের উদ্ভাবিত কিট অনুমোদনের জন্য শনিবার সরকারের কাছে জমা দেবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা জানিয়েছেন। এর আগে ১১ এপ্রিল কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে কিট উৎপাদন বাধাগ্রস্ত হয়।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে কিটের পুরো ব্যাচটিই নষ্ট হয়ে যায়। তাদের নিজস্ব জেনারেটর চালু হতে ৩০ সেকেন্ড সময় লাগে। ওই সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায় কিটগুলো। সে কারণে ঘোষিত সময়ে কিট সরবরাহ করা সম্ভব হয়নি।
কভিড-১৯ ডট ব্লট প্রকল্পের আওতায় গণস্বাস্থ্য প্রথম দফায় এক লাখ কিট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বিজ্ঞানী বিজন কুমার শীল ও তার দল যে কিটটি উৎপাদনের চেষ্টা করছেন সেটি কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা ১৫ মিনিটে নির্ণয়ে সক্ষম। ভাইরাসটি শরীরে প্রবেশের ৭২ ঘণ্টা পর এই কিটটি তা শনাক্ত করতে পারবে।
- বিষয় :
- গণস্বাস্থ্য কেন্দ্র
