ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি করার আহ্বান

করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি করার আহ্বান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৬:৩৫

মহামারি করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় সারাদেশে গণকমিটি গঠন করার যুক্ত আহ্বান জানিয়েছেন দেশের ৪৭ জন নাগরিক। তারা বলেন, এই গণকমিটি ও গণসেবীদের কাজ হবে- দরিদ্রদের জন্য ত্রাণ ও সাহায্য নিশ্চিত করা, সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, অনিয়ম বন্ধ করা, জনগণের দাবি তুলে ধরা প্রভৃতি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি গঠন করুন। করোনাদুর্যোগ মহামারির মধ্যে জনগণের দুর্দশা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অথচ, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার অতিধনীদের পুঁজি বাঁচাতে মরিয়া। আর জনগণকে রক্ষার বিষয়ে তাদের বাগাড়ম্বর ও অমনোযোগিতাই দৃশ্যমান।’

৪৭ জন নাগরিক বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা থেকে উত্তরণের জন্য আজ মেহনতি জনগণের ব্যপক ঐক্য গড়ে তোলা দরকার। ক্ষমতাসীন কিংবা ক্ষমতাবহির্ভুত গণবিরোধী শাসকশ্রেণীর সাথে ঐক্য নয়, বরং শাসক শ্রেণি ও সরকারের বিরুদ্ধে নিপীড়িত ও বঞ্চিত জনগণের ঐক্য। শাসকদের ভ্রান্তি, সীমাবদ্ধতা, অন্যায় ও অপরাধগুলো জনগণের সামনে ধৈর্য্যসহকারে তুলে ধরা দরকার। মানুষের মধ্যে যে ক্ষোভ আজ ধূমায়িত হয়ে উঠছে, তাকে ভাষা দিতে প্রগতিশীল শক্তিসমুহের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রের জনবল ও সম্পদ নিয়োগ ছাড়া এ দুর্যোগ পরিস্থিতিতে কেবল জনগণের নিজের চেষ্টায় করোনা সংক্রমণ ঠেকানো, জনগণের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সুতরাং, রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী ও সেবা আদায় করে নেওয়ার জন্য সকলের সোচ্চার হওয়াই এখন একমাত্র বাঁচার পথ। এ জন্য বঞ্চিত জনগণকে সরাসরি নিজের দাবীগুলি স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাষ্ট্র ও সরকারের কাছে জানাতে হবে এবং প্রাপ্য আদায় করতে সক্ষম হতে হবে। বিচ্ছিন্নভাবে প্রাপ্য আদায় করতে গেলে উল্টো সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং সংকটগ্রস্থ জনগণকে এ উদ্দেশ্যে সংঘবদ্ধ করাই হল সাফল্যের প্রথম শর্ত।’

‘এ শর্ত পূরণের জন্য গ্রাম/ পাড়া/ ওয়ার্ড পর্যায়ে বিবেকবান স্বেচ্ছাসেবী ও সংকটগ্রস্ত তরুণদের নিয়ে একটি করে গণসেবী টিম গঠন করতে হবে। গণসেবীরা তাদের এলাকার অভুক্ত, সংকটাপন্ন ও বেকার হয়ে পড়া শ্রমজীবী পরিবারের বিস্তারিত তালিকা তৈরি করবে। তাদের নিয়ে ত্রাণ ও অন্যান্য প্রাপ্য নিশ্চিত করাসহ করোনা সংকট মোকাবেলার স্বার্থে গণকমিটি গঠন করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো নাগরিকরা হলেন- নাসির উদ্দিন আহমেদ নাসু, জাফর হোসেন, আব্দুল আলী, সন্তোষ গুপ্ত, সরোয়ার মুর্শেদ, ইমাম গাজ্জালী, মাসুদ খান, হাসান ফকরী, বিডি রহমত উল্লাহ, আকমল হোসেন, এ এস এম কামাল উদ্দিন, ম. নুরুন্নবী, ফয়েজ হোসেন, শিবলুল বারী রাজু, মোদাচ্ছের বাবুল, শওকত হোসেন আহমেদ, রাজা মিয়া, নজরুল ইসলাম, মুনির মোরশেদ, তন্ময় সন্যাল, আব্দুর রব, শিপলু রহমান, আনিস রায়হান, কুয়াশা চৌধুরী, আরাফাত আরা, আরিফুজ্জামান তুহিন, আব্দুল্লাহ মাহফুজ অভি, গোলাম মুর্শেদ, ইরফানুর রহমান রাফিন, শাহেরীন আরাফাত, আতিফ অনিক, অনুপ সাদী, লাবনী মণ্ডল, আনোয়ার হোসেন, আব্দুল গফুর, আবু ইউসুফ, অভিজিৎ রায়, বাদল শাহ আলম, ফয়সাল আহমেদ, আহমেদ সোহেল, রামু মাঝি, সালমা রহমান শুভ্রা, শারমিন রহমান, নিলয় চৌধুরী, নাসিমা নাজনীন, মোজাম্মেল হক শিশির, শামসুল হুদা মোসাদ্দেক প্রমুখ।

আরও পড়ুন

×