ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন বহুমাত্রিক বিষয়: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন বহুমাত্রিক বিষয়: প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৭:৪৪

রোহিঙ্গা প্রত্যাবাসনকে একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এর সমাধানের গতিপ্রকৃতি অনেকাংশেই নির্ভর করে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের ওপর।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদ সদস্য মো. সেলিম রেজা তাঁর প্রশ্নে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের বর্তমান পরিকল্পনা ও সময়সীমা জানতে চাইলে প্রধানমন্ত্রী একটি দীর্ঘ ও বিস্তারিত লিখিত উত্তর প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত সরকারগুলো ১৯৭৮ সালে জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে খালেদা জিয়ার আমলে উদ্ভূত রোহিঙ্গা সংকট সমাধান করেছিল।

রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকারের বহুমুখী কূটনৈতিক তৎপরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক—সকল স্তরেই অত্যন্ত জোরালো কাজ চালিয়ে যাচ্ছে। ইউএনএইচসিআর, ইউএন উইমেন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এছাড়া, গাম্বিয়া কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশ নৈতিক সমর্থন অব্যাহত রেখেছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন, রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সাথে বাংলাদেশ সংলাপ জোরদার করেছে। রোহিঙ্গাদের স্থায়ী, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্পগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পসমূহের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সরকার অত্যন্ত সুচিন্তিত ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।

পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টাস্কফোর্স’ সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×