মন্ত্রীর কথায় তেল-চিনির দাম কমাল দুই কোম্পানি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৮:১৮ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৮:৫২
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে আলোচনার পর সয়াবিন তেল ও চিনির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ স্থানীয় দুটি ব্যবসায়িক কোম্পানি। সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৩ টাকা কমানোর কথা জানিয়েছে।
পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণের সুবিধার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। খবর ইউএনবির।
সয়াবিন তেলের মূল্য ছিল প্রতি লিটার ১১০ টাকা। বর্তমান বাজার মূল্য হবে ১০৫ টাকা। আর দুই লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ২১৮ টাকা, বর্তমান মূল্য ২০৮ টাকা। এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ৫৩০ টাকা, বর্তমান মূল্য ৫০৫ টাকা। প্যাকেটের প্রতি কেজি চিনির মূল্য ছিল ৭২ টাকা, বর্তমান মূল্য ৬৯ টাকা।