বিশেষ মন্তব্য
পরীক্ষার পরিধি বাড়াতেই হবে
অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব, সাবেক সভাপতি, বিএমএ
প্রকাশ: ০৭ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৭ মে ২০২০ | ১৪:৩৯
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মাত্রা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিনই দেশের নতুন এলাকা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ সংক্রমিত দেশগুলোর তুলনায় কম বলে অনেকে স্বস্তি প্রকাশ করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, এখানে স্বস্তির কোনো সুযোগ নেই। বরং আতঙ্ক আছে। কারণ আমাদের পরীক্ষা-নিরীক্ষার পরিধি অত্যন্ত কম। এ কারণে সব মানুষকে আমরা পরীক্ষার আওতায় আনতে পারছি না। প্রতিদিন যে পরিমাণ নমুনা পরীক্ষা হচ্ছে সেটা নিতান্তই অপ্রতুল। যে পরিমাণ মানুষ পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনগুলোতে ফোন করেছে, তাদের মধ্যে কিছু মানুষ পরীক্ষা করাতে পেরেছে। এ চিত্রই বলে দেয়, পরীক্ষা-নিরীক্ষায় আমরা কোথায় অবস্থান করছি। কিন্তু এই ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলে আসছে, পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিকে আইসোলেশনে এবং তার সংস্পর্শে থাকা অন্যদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। এভাবেই এ রোগটি প্রতিরোধ করা সম্ভব হবে। কিন্তু আমাদের তো সেটিই হচ্ছে না। আমাদেরকে পরীক্ষার পরিধি বাড়াতেই হবে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে পড়েছি।
এখন যে বিষয়টি আলোকপাত করতে চাই, তা হলো- করোনা পরিস্থিতি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের সর্বত্রই ভাইরাসটির বিস্তার ঘটেছে। অধিকতর সতর্কতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশন ও তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের যথাযথভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করা যাচ্ছে না। চিকিৎসার ব্যবস্থাপনাও ততোটা মজবুত নয়। পর্যাপ্ত সংখ্যক আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্তা আমাদের নেই। এমনকি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম পরিমাণ শয্যা প্রস্তুত করা হয়েছে। এ অবস্থায় হাজার হাজার মানুষ আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা সম্ভব হবে না। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীও এমনটি বলেছেন। এরই মধ্যে সবকিছু খুলে দেওয়ার আয়োজন করা হচ্ছে। কাদের পরামর্শে বা কী কারণে পিকটাইমের এই সময়ে গার্মেন্ট, কারখানা, ইফতার দোকান, শপিংমল ও মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে তা জানি না। তবুও সবার প্রতি আহ্বান থাকবে, ঘরে অবস্থান করুন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন। এটিই ভাইরাসটি প্রতিরোধের একমাত্র উপায়।