সংসদে ৩ এমপি, পানিতে ভাসছে চট্টগ্রাম
টানা বর্ষণে লোহাগাড়ায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০০:২৪ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০০:২৬
জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী বলেছেন, পুরো চট্টগ্রাম আজ পানি ভাসছে। চট্টগ্রাম-১৬ আসনে দলটির এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম অভিযোগ করেন, সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর হচ্ছে না। অতিবৃষ্টির কারণে মানুষের অবস্থা অসম্ভব খারাপ- সংসদে এ তথ্য জানান চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির এমপি সরওয়ার জামাল নিজাম।
জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন দুর্গত এলাকার মানুষের জন্য চাল, শুকনো খাবার ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে আলোচনা হয়। অতি বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটেছে। পয়েন্ট অব অর্ডারে সরওয়ার জামাল বলেন, গত চারদিনের বৃষ্টিতে আনোয়ারা ও কর্ণফুলী সয়লাব হয়ে গেছে। মানুষ অবস্থা অসম্ভব খারাপ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। তবে আসরের বিরতির পর একই ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে শাহজাহান চৌধুরী বলেন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, চট্টগ্রাম মানগর এলাকার মানুষ পানিতে ভাসছে। মানুষের অসম্ভব কষ্ট হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধসহ অসহায় মানুষের শুকনো খাবার প্রয়োজন। নদী ভাঙনকবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রীদের কাছে আর্জি জানাচ্ছি।
জহিরুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে প্রকল্প গৃহীত হয়েছিল। দুঃখজনক হচ্ছে, সমন্বয়নহীনতায় জলাবদ্ধতা দূর হয়নি।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতে জনপদ প্লাবিত হয়েছে। প্রত্যেক জেলায় ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি।