ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
×

বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ১১:৫৩ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ১২:০৫

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বড় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। 

বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এই প্রথম লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পা রাখলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মাউরো ভিয়েরার সফরের মধ্য দিয়ে ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্রাজিল থেকে ভোজ্যতেল আমদানি করা হলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার এখনও তৈরি হয়নি। ব্রাজিল বড় দেশ, সেখানে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়।

জানা গেছে, ব্রাজিলের বাজারে শুল্ক সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চাইছে বাংলাদেশ। এ নিয়ে গতবছর অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসাল্টেশনে (এফওসি) আলোচনা হয়। মাউরো ভিয়েরার সফরে এ বিষয় ছাড়াও ফুটবলে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন অভিষ্ট, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নারী নীতি ও মানবাধিকার, জাতিসংঘ পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। 

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র, দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকসুরের সঙ্গে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও এফটিএ আলোচনা প্রাধান্য পাবে।

সফরের প্রথম দিনে মাউরো ভিয়েরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জি২০ চেয়ার হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার বিষয়ে বক্তব্য রাখবেন মাউরো ভিয়েরা। 

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। এদিন তিনি দুটি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরে মধ্যরাতে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, ব্রাজিলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের ২৫ থেকে ৩০ শতাংশ শুল্ক গুনতে হয়। মাউরো ভিয়েরার সফরে এগুলো সহনীয় পর্যায়ে আনার বিষয়ে আলোচনা হবে। কারণ তুলা রপ্তানিতে বাংলাদেশকে বড় বাজার হিসেবে দেখে ব্রাজিল। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি ও ব্রাজিল থেকে তুলা আমদানি পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র কূটনৈতিক মিশন স্থাপিত হওয়ার পর দুই দেশের প্রথম এফওসি হয়েছিল ২০১৬ সালে ঢাকায়। ২০২৩ সালের অক্টোবরে হয় দ্বিতীয় এফওসি।

আরও পড়ুন

×