ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নিজেদের স্বার্থেই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে: কাদের

নিজেদের স্বার্থেই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে: কাদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৫:১০ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৫:২২

অফিস-আদালত ও গণপরিবহন চালুসহ লকডাউন শিথিলকালে সরকারের দেওয়া শর্ত কঠোরভাবে মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'নিজেদের স্বার্থেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখতে হবে, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার যেন না ঘটে, সংকটক আরও ঘনীভূত না হয়। জনস্বার্থে সরকারের দেওয়া এই ছাড় ফ্রিস্টাইলে অপব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।'

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, 'সরকার ৩১ মে থেকে গণপরিবহন চালুর ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএসহ সবার সঙ্গে আলাপ-আলোচনা করে একটি পরিকল্পনা নিতে হবে। গণপরিবহন পরিচালনায় যাত্রী, চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের এ ছাড় যেন বিষাদে রুপ না নেয়- সেজন্য মালিক, শ্রমিক ও যাত্রীসাধারণ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।' 

আগামীকাল শুক্রবার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিআরটিএকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, 'গণপরিবহন চালুতে সড়ক দুর্ঘটনার বিষয়টি সামনে এসে যায়, বেড়ে যায় উদ্বেগ। পরিবহন চালক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। করোনার মৃত্যুর পাশাপাশি সড়ক দুর্ঘটনায় যাতে মৃত্যুর মিছিল দেখতে না হয়, সেজন্যও সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।' 

বিশ্বের অনেক দেশ ক্রমান্বয়ে লকডাউন শিথিল করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'করোনায় যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে সংক্রমণ ও মৃতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশ লকডাউন শিথিল করেছে। কোথাও কোথাও স্বাভাবিক জীবনযাত্রার দিকে যাত্রা শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় থেকেও অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল করেছে।' 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনীতির চাকা সচল রাখা এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে এটা দরকার। ইতিমধ্যে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যপালনীয় কিছু শর্ত থাকছে। যেমন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি কিছু নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে। দেশবাসীকে বিশেষ করে সরকারি-বেসরকারি খাতসহ সবাইকে নিজেদের স্বার্থেই শর্তাবলী কঠোরভাবে প্রতিপালনে অনুরোধ জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'প্রতিযোগিতামূলক বিশ্বে জীবন-জীবিকার মাঝে সাযুজ্য বিধানের যে প্রয়াস চলছে, তার থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন। তার সাহসী ও মানবিক নেতৃত্বে বাংলাদেশ ইতিপূর্বে অনেক সংকট থেকে উত্তরণ লাভ করেছে। ক্রাইসিস ম্যানেজার হিসেবে শেখ হাসিনার দক্ষতার খ্যাতি বিশ্বজুড়ে প্রশংসিত। মনোবল না হারিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। সরকারকে সহযোগিতা করুন। সংকটকে সম্ভাবনায় রূপদানে আল্লাহ সহায় হোন।'

করোনা সংকটকালে সরকারের বিরুদ্ধে সমালোচনাকারীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, 'এখন সবার উচিত ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে অদৃশ্য শত্রু করোনার মোকাবিলা করা। করোনা কারও বন্ধু নয়। কাজেই এই সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল অবলম্বন হবে আত্মঘাতী।'

আরও পড়ুন

×