রাজশাহীতে এনসিপির পদযাত্রা
বিএনপি নিজের দেওয়া ৩১ দফার সঙ্গে প্রতারণা করেছে: সারজিস আলম
ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৩:৪৩ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০৩:৪৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জেলা ও সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি তার নিজের প্রতিশ্রুতি ৩১ দফার সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, তারা নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, খাল খননের নামে আবারও তারা চাঁদাবাজি শুরু করছে। পুরাতন দুর্নীতি ও লুটপাট সিস্টেমের কোনো পরিবর্তন না করে, শুধুমাত্র একজনের জায়গায় আরেকজন বসেছে।
গতকাল শুক্রবার রাতে রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা শেষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয়ে পদযাত্রার শুরু হয়। পরে কুমারপাড়া, সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। বর্তমানে বিএনপি সরকার দেখছি। আমরা যখন জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিলাম, শেখ হাসিনার চলে যাওয়ার কথা শুনে আপনারা যে প্রত্যাশায় বুক বেঁধেছিলেন, আমরা সেই বাংলাদেশ পাইনি। আমাদের সেই স্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিচার না হলে বিএনপি সরকারকে দায় নিতে হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে গোয়েন্দা বাহিনী ও সরকারের প্রতিষ্ঠান আমাদের ওপরে যে নির্যাতন চালিয়েছে, শেখ হাসিনার নেতাকর্মী ও পুলিশ আমাদের ভাইদের ওপর হামলা চালিয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই সকল খুন, হামলা ও নির্যাতনের হুকুমদাতা শেখ হাসিনার ফাঁসির শেষে কঙ্কাল না পেলে, এর দায়ভার এই সরকারকে নিতে হবে।
সমাবেশে জুলাই সনদের নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, হাই কোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, আমরা সাধুবাদ জানাই। তবে এই তত্ত্বাবধায়ক সরকার আগের নিয়ম অনুযায়ী সাবেক বিচারপতির নেতৃত্বে গঠিত হবে—আমরা এটা মেনে নেব না। আমরা চাই জুলাই সনদের নিয়ম অনুযায়ী, সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত করতে হবে।
বিরোধী দলের নিরাপত্তা দাবি করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির সভানেত্রী মুনিরা শারমিন বলেন, ‘তারেক রহমান তাঁর নিজের বাসভবনকে কেপিআই ঘোষণা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছেন। কিন্তু এনসিপি ও বিরোধী দলের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ও হামলা হচ্ছে। এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো অবস্থান নেই। আমরা সরকারকে জানাতে চাই, বিরোধী দলকে নিরাপত্তা দিতে না পারলে কী লাভ সরকারে থেকে?’
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, দলটির মনোনীত রাজশাহী সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ও মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী প্রমুখ।
- বিষয় :
- সারজিস আলম
- এনসিপি