ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ
×

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৪:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে নতুন নেতৃত্ব তৈরি করে তরুণদের প্রতিটি সমাজে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের শহীদ ওছমান চত্বরে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো পদক্ষেপ নেন না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও তাঁরা নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সেই সিন্ডিকেট জনগণের স্বার্থের বিরুদ্ধে গেলেও সংসদে তাদের বিরুদ্ধে কথা বলা হয় না।

তিনি আরও বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার বলেন, ‘এটি শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ।’ কিন্তু সংসদে কথা বলতে না দিলে আমরা সংসদের বাইরে জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে বিরত রাখা যাবে না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয় থামানো যাবে না।”

তরুণদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার দায়িত্ব তরুণদেরই নিতে হবে। তাদের প্রতিটি ঘরে যেতে হবে, মায়েদের কাছে যেতে হবে, ভাইদের কাছে যেতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাই সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের প্রভাবমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।’ 

সরকারের কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে দেওয়া প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় এসে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। কিন্তু ছয় মাস হতে চললেও এখন পর্যন্ত একজন মানুষেরও কর্মসংস্থান হয়নি।

এর আগে রায়পুর বাজারে এনসিপির আয়োজিত পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ শহীদ বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×