মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৪:০১
ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে তানজিনা (৭) ও মারিয়া খাতুন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকার কচুয়া বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিনা ওই এলাকার মো. আজিজুল হক ও মুন্নি আক্তারের মেয়ে এবং মারিয়া খাতুন একই এলাকার মো. মাসিদুল ইসলাম ও মনোয়ারা বেগমের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে পরিবারের লোকজন দ্রুত বিল থেকে তাদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- ময়মনসিংহ