করোনায় আরও এক পুলিশের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. রাসেল বিশ্বাস (৩৫)। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ মে রাসেল বিশ্বাসের করোনা পজেটিভ (কোভিড-১৯) ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ১৫ জন সদস্য মৃত্যুবরণ করলেন।