ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সংসদ সদস্যদের হ্যান্ডরাব উপহার দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

সংসদ সদস্যদের হ্যান্ডরাব উপহার দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৮:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আগামী ১০ জুন অনুষ্ঠেয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের জন্য উপহার হিসাবে নিজেদের তৈরি হ্যান্ডরাব দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বুধবার বিসিএসআইআরের ডিআরআইসিএম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে হুইপ সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে এ উপহার তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিসিএসআইআরের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফারুক আহমেদ, ডিআরআইসিএমের পরিচালক ড. মালা খান প্রমুখ। 

দেশে করোনা মহামারির প্রেক্ষাপটে বাজারে হ্যান্ডরাব স্যানিটাইজারের দুষ্প্রাপ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অঙ্গপ্রতিষ্ঠান ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (ডিআরআইসিএম) হ্যান্ডরাবসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরি শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত ফর্মূলায় প্রস্তুতকৃত বি-ক্লিন নামের এই হ্যান্ডরাব ইতোমধ্যে কেবিনেট ডিভিশনসহ বিভিন্ন সংস্থায় বিতরণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান হ্যান্ডরাব উৎপাদনের এই কার্যক্রম গত ১৯ মার্চ সরেজমিনে পরিদর্শন করেন।

ডিআরআইসিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, রোগী ও জনসাধারণের হাত জীবানমুক্ত করতে প্রতিদিনের প্রয়োজনীয় স্যানিটাইজার সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ডিআরআইসিএমের তৈরি বি-ক্লিন হ্যান্ডরাব, স্যানিটাইজার ও ডিজইনফেকটেন্ট মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ পুলিশ ও বিভিন্ন ব্যক্তি পর্যায়ে সরবরাহ করা হয়েছে এবং সরবরাহ চলমান আছে। 

আরও পড়ুন

×