ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

জীবন-জীবিকাকে অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট আসছে: ওবায়দুল কাদের

জীবন-জীবিকাকে অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট আসছে: ওবায়দুল কাদের
×

ওবায়দুল কাদের -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:০৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা হবে। 

বুধবার তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল কার্যালয়ে ‘মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ জি নরদার্ন রুট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 


তিনি বলেন, করোনাভাইরাসের সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ নিয়েছেন। অর্থনীতিবীদ ছাড়াও বিজ্ঞদের পরামর্শ, গবেষণা ও দলের ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হয়েছে।


‘বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা সত্যের অপলাপ মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকার ও দলের অভ্যন্তরে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেন তিনি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।


অসচেতনতার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ বেশি করে শুরু হলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণের ক্রম অবনতিশীল এই পরিস্থিতি নতুন করে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, সেসব এলাকার মানুষের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। এই সিদ্ধান্ত সবার কল্যাণেই নেওয়া হয়েছে।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেসব এলাকা লকডাউনের আওতামুক্ত, সেসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যদি আরও অবনতি হয়, যদি আবার সেকেন্ড ওয়েব শুরু হয় তাহলে দেশের সব এলাকায় সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন। পরিস্থিতি আর অবনতি না ঘটিয়ে আসুন আমরা বিশ্ব স্থাস্থ্য সংস্থার পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করি।


তিনি বলেন, সবার সমন্বিত প্রয়াসে এই দুঃসময় কেটে যাবে। করোনা সংকট থেকে আমরা মুক্তি পাবো, এটাই প্রত্যাশা।


সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। বুধবার সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।


এ সময় মেট্রোরেল কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়াসহ মেট্রোরেলের বিভিন্ন রুটের প্রকল্প পরিচালক, প্রকৌশলী, কর্মকর্তা এবং কনসালটেন্সি ফার্মের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×