গ্যাসের আগুনে দগ্ধ
বাবা-মায়ের পর চলে গেল ছেলেও
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৬:০৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৪
মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে বাবা-মায়ের পর তাদের ১০ বছরের দগ্ধ সন্তানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাত ৩টা ২৫ মিনিটে দগ্ধ শিশু মোহাম্মদ মারা যায়। সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল।
আগুনে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।
গত শনিবার মোহাম্মদের মা রুমা (৩২) এবং মঙ্গলবার তার বাবা খলিল মারা যান।
এর আগে ২৪ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় আগুন লাগে। আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হন।
মোহাম্মদের দুই ভাই আবদুল্লাহ এবং ইসমাইল বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছে। আবদুল্লাহর শরীরের ৩৮ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ পুড়েছে।
চিকিৎসক শাওন এর আগে বলেছিলেন, খলিলের দুই সন্তান আবদুল্লাহ ও মোহাম্মদের অবস্থাও আশঙ্কাজনক।
পাশের অন্য পরিবারের দগ্ধ দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক শাওন বলেন, যারা হাসপাতালে ভর্তি যারা আছে, তাদের সবার অবস্থাই ক্রিটিক্যাল।
